যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যকেন্দ্রে গুলি, নিহত ১ আহত ৪

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি স্বাস্থ্যকেন্দ্রে গত মঙ্গলবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ ব্যক্তি হতাহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। ৬৭ বছরের এক বৃদ্ধ এ হামলা চালিয়েছেন। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কী কারণে তিনি গুলি চালিয়েছেন তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে একটি স্বয়ংক্রিয় বিস্ফোরক পাওয়া গেছে।

মিনেসোটার বাফেলো অঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্র অ্যালিনা হেলথকেয়ার ক্লিনিক। মঙ্গলবার প্রতিদিনের মতোই সেখানে এসেছিলেন বেশ কিছু অসুস্থ রোগী। আচমকাই সেখানে এক ব্যক্তি গুলি ছুড়তে শুরু করেন বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। ঘটনাস্থলে পাঁচজন গুলিবিদ্ধ হন। একজনের মৃত্যু হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, একজন ব্যক্তিই ওই ঘটনার সঙ্গে যুক্ত বলে তাদের ধারণা।

বন্দুকধারী ব্যক্তির ছবি প্রকাশ করেছে পুলিশ। বাফেলোর বাসিন্দা ৬৭ বছরের গ্রেগরি উলরিখ এই ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই ক্লিনিকে আসছিলেন ওই ব্যক্তি। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তার অসন্তোষের কথা আগেই জানিয়েছিলেন তিনি। তার জেরে এদিন তিনি গুলি করেন কিনা, তার তদন্ত চলছে। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে তিনি মারতে চেয়েছিলেন কিনা, তাও এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে একটি স্বয়ংক্রিয় বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ওই ধরনের আরও বিস্ফোরক সেখানে আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে আততায়ী বিস্ফোরক পেলেন, সেটি জানার চেষ্টা করা হচ্ছে।