নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

চাঁপাইনবাবগঞ্জে এমপিকে সতর্ক করে চিঠি

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুলকে শিবগঞ্জ পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা এই চিঠি দেন।

রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপিদলীয় প্রার্থী ওজিউল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুলকে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ না নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন।

গতকাল রিটার্নিং কর্মকর্তার কাছে করা অভিযোগে বলা হয়েছে, গেল ৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য তার নিজ বাসভবনে তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার নামে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। ওই সভার ব্যানারের পাশে নৌকা প্রতীকের ব্যানারও টানানো ছিল।

এ ব্যাপারে সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল বলেন, ‘পৌরসভার নির্বাচনী এলাকার বাইরে মনকষা ইউনিয়নে নিজ বাসভবনে কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছি। কর্মীদের মধ্যে কেউ মতবিনিময় সভার ব্যানারের পাশে নৌকা প্রতীকের ব্যানার ঝুলিয়ে দেয়। কিন্তু আমি তা খেয়াল করিনি।’