সড়কে উল্টে যাওয়া বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১১

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশু ও নারীসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। গততকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে এ র্দ্ঘুটনা ঘটে। নিহতদের মধ্যে সাতজন হলেন কালীগঞ্জের সুন্দরপুরের মোস্তাফিজুর রহমান (২৫), সদর নাটকু-ুর ইউনুস আলী (৩২), চুয়াডাঙ্গার দিঙে গ্রামের রেশমা (২৬), আলমডাঙ্গার নার্দা গ্রামের শুভ (২২), কালীগঞ্জের সনাতন দাশ (২৫), শৈলকুপার আবদুল আজিজ (৬০) ও কোটচাঁদপুরের হারুন অর রশীদ (২৬)। বাকি চার জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জি কে পরিবহনের ওই বাসটি যাত্রীদের নিয়ে বারোবাজার আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে। পরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। 

বারোবাজার পুলিশ ফাঁড়ির এসআই মোকলেচুর রহমান জানান, যশোর থেকে ছেড়ে আসা ওই যাত্রীবাহী বাসটি ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বারোবাজার আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ওপর উল্টে যায়। পরে পেছন থেকে একটি ট্রাক এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পরপরই ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারা, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজাসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয়ভার ও নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

এ ছাড়া একই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। উখিয়ায় ডাম্পার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক রেল ইয়ার্ড শ্রমিক নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে

টেকনাফে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ : কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। টেকনাফ থানার ওসি (তদন্ত) আবদুল আলীম জানান, কক্সবাজারমুখী পালকি নামে ওই যাত্রীবাহী বাসটির সঙ্গে টেকনাফগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও তিন যাত্রী মারা যান।

দর্শনায় ট্রাকের চাকায় পিষ্ট শ্রমিক : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাজু আহমেদ (২৩) নামে এক রেল ইয়ার্ড শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে দর্শনা রেলবন্দরের রেল ইয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভারত থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন থেকে মাল লোড-আনলোডের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় লতিফ ট্রেডার্সের একটি ট্রাকে মাল ভর্তি করছিলেন শ্রমিকরা। মাল ভর্তির একপর্যায়ে ট্রাকটি পেছনে নেওয়া হয়। এতে ট্রাকের ধাক্কা খেয়ে মালবাহী ট্রেনের মাঝখানে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সাজুর মৃত্যু হয়। দর্শনা থানার এসআই শরিফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। 

উখিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত : কক্সবাজারের উখিয়ায় ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাহ রেজা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হিজলীয়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোটবাজারমুখী মোটরসাইকেলটির সঙ্গে উখিয়ামুখী বেপরোয়া গতির ডাম্পারটির সংঘর্ষে গুরুতর আহত হন রেজা। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন আহমদ সত্যতা নিশ্চিত করেন।