সারা দেশে সিরিজ বোমা হামলা মামলায় সাতক্ষীরায় ১৪ আসামির মধ্যে ১২ জনকে কারাদ- এবং দুজনকে খালাস দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শরিফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আটজনকে ১৩ বছর ও চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। মামলাটির নথির বরাত দিয়ে সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, বোমা হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে প্রথমে ২০০৫ সালে পাঁচটি মামলা করে। পরে ২০০৭ সালে সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম মোহাম্মদ বাদী হয়ে আরও একটি মামলা করেন। এসব মামলায় জেএমবির জঙ্গিদের গ্রেপ্তার করা হয়। তাদের ঢাকায় জেআইসিতে (জয়েন্ট ইন্টারোগেশন সেল) জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয়। সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া ছাড়াও জেএমবির বহু গোপন তথ্য জানান তারা। পরে তাদের সাতক্ষীরায় ফিরিয়ে আনা হয়। রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনা করেন জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল লতিফ। তাকে সহায়তা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবদুস সামাদ।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একসঙ্গে বোমা হামলা চালায় জেএমবি। এর মধ্যে সাতক্ষীরার পাঁচ জায়গায়ও বোমা হামলা চালানো হয়। ঘটনার ১৬ বছর পর যাচাই-বাছাইপূর্বক ১৪ আসামির মধ্যে ১২ জনকে কারাদণ্ড দিল আদালত।