ঢাকায় শপথ নিলেন রেজাউল, চট্টগ্রামে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র হিসেবে শপথ নিলেন এম রেজাউল করিম চৌধুরী। অন্যদিকে, একই সময়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে দেখা গেল পরাজিত প্রার্থী শাহাদাত হোসেনকে।

বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে মেয়র পদে শপথ নেন আওয়ামী লীগ নেতা রেজাউল। অন্যদিকে, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান বিএনপির মেয়র প্রার্থী, দলটির নগর কমিটির আহ্বায়ক শাহাদাত।

নির্বাচনে প্রতিটি ভোট কক্ষের ইভিএম মেশিনের ফলাফলের ‘প্রিন্টেড কপি’ চাইতে রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামানের সঙ্গে দেখা করেন তিনি।

গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী রেজাউলকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে শাহাদাতের অভিযোগ করছেন, কারচুপি করে তাকে হারানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করার পর শাহাদাত সাংবাদিকদের বলেন, প্রতিটা ইভিএম মেশিনের একটি প্রিন্টেড কপি থাকে। যার সাথে নির্বাচন কমিশনের হাতে লেখা একটা কপি থাকে। যেহেতু ১০টি কক্ষে প্রিন্টেড কপি তারা দিতে পেরেছে, অবশ্যই ৪ হাজার ৮৮৫টি কক্ষে তাদের এটা দিতে হবে। সেই প্রেক্ষিতে উনাকে বলেছিলাম। কিন্তু উনি বলেছেন, এখান থেকে দেওয়া সম্ভব নয়। কিন্তু এখান থেকে কেন সম্ভব নয়, সেটার ব্যাখ্যা উনি দিতে পারেননি।

তিনি বলেন, উনি বলেছেন, নির্বাচন কমিশনে আবার অ্যাপ্লাই করতে। কিন্তু উনাদের কথা মতই আমরা এখানে আবেদন করেছিলাম। ১০ দিন পর আজকে এসে সেই রেজাল্ট উনারা দিতে পারেননি। এতে বোঝা যাচ্ছে সেই প্রিন্টেড শিট উনারা দিতে পারবেন না। তার অর্থ নির্বাচনে মহা ভোটডাকাতি করা হয়েছে। এ কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার হুমকি দেন তিনি।

শাহাদাতের অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, আমাদের কাছে ফলাফলের স্বাক্ষরিত যে কপি ছিল, সেটা আমরা তাদের দিয়েছি। এখন তিনি যদি অন্য কিছু চান, সেজন্য নির্বাচন কমিশনের আবেদন করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র নির্বাচনে পরাজিত শাহাদাত বলেন, এই প্রিন্টেড শিট যদি তারা বের করতে পারত, তাহলে একজ্যাক্ট পারসেন্টেজটাও আসত এবং কার কত ভোট সেটাও আসত।

রেজাউল ‘অনেক ভোট’ কম পেয়েছেন দাবি করে শাহাদাত বলেন, সম্ভবত যেটা ৩ লাখ ৬৯ হাজার ভোট দেখাচ্ছে, সেখানে ২০-২৫ হাজার ভোট উনি পাইতে পারে ম্যাক্সিমাম। আমাদের সন্দেহ হচ্ছে, সাড়ে তিন লাখ ভোট উনাকে যোগ করে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। ভোট দিয়েছেন মোট ৪ লাখ ৩৬ হাজার ৫৪৩। ভোটের হার ২২ দশমিক ৫২ শতাংশ। ১ হাজার ৫৩টি ভোট বাতিল হয়েছে। নৌকার প্রার্থী রেজাউল পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।