উন্নত বাংলাদেশ গড়তে হলে উন্নত বিনিয়োগ সেবার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। গতকাল বিডা ভবনে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে চার সেবাদাতা সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
চার সংস্থা হচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, নিবন্ধন অধিদপ্তর, ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি। সিস্টেম ইন্টিগ্রেশনের লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এতে অনলাইন কানেক্টিভিটি সাপেক্ষে ওএসএস পোর্টালের মাধ্যমে ১৬টি সেবা দেওয়া সম্ভব হবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ওএসএসের মাধ্যমে বর্তমানে বিনিয়োগকারীদের ১১টি সংস্থার ৪১টি সেবা দেওয়া হচ্ছে। বিনিয়োগ সেবার মান উন্নত করতে আমরা কাজ করছি। আশা করি এ বছরের মধ্যেই ৩৫ সংস্থার মাধ্যমে ১৫৪ সেবা দিতে সক্ষম হব। যা আমাদের ইজ অব ডুয়িং বিজনেস (ব্যবসা সহজ করা) সূচকে দুই অঙ্কের ঘরে উন্নত হওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।
এ সময় বিডার মহাপরিচালক মো. ওয়াহিদুল ইসলাম এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক, টেলিকমিউনিকেশন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বিডা পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান, পিএসসি পরিচালক (অপাঃ ও মেইন) ও ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটির পক্ষে প্রকৌশলী মো. ইয়ার খান, পিঅ্যান্ডডি (পয়ঃ) বিভাগ অন্য দুই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপমা ফারিসার সঞ্চালনায় মো. আবদুল হান্নান, যুগ্ম সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; শহীদুল আলম ঝিনুক, মহাপরিদর্শক-নিবন্ধন, নিবন্ধন অধিদপ্তর; মো. আবুল মনসুর, অতিরিক্ত সচিব (অপারেশন), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ; মুহম্মদ ইবরাহিম, অতিরিক্ত সচিব (পানি সরবরাহ অনুবিভাগ), স্থানীয় সরকার বিভাগ প্রমুখ উপস্থিত ছিলেন।