ফেনীর দাগনভূঞায় নোয়াখালীর বসুরহাটের আলোচিত পৌর মেয়র আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে দাগনভূঞা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই হামলায় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ নিজাম উদ্দিন হাজারী এবং নোয়াখালীর সাংসদ একরামুল করিম চৌধুরীর ‘সন্ত্রাসীরা’ জড়িত বলে অভিযোগ করেছেন কাদের মির্জা।
তবে নিজাম হাজারী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলছেন, কাদের মির্জার গাড়িতে হামলার ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আর প্রকৃতপক্ষে এরকম কোনো ঘটনা ঘটেছে কি না তা নিয়ে আমি সন্দিহান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথগ্রহণের জন্য গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে ফেনীর দাগনভূঞা বাজার এলাকা অতিক্রম করার সময় কয়েকজন যুবক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদেরের গাড়িবহরে ডিম ও ইটপাটকেল ছুড়তে থাকে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বহরে থাকা নবনির্বাচিত জনপ্রতিনিধিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে সকাল সাড়ে ৯টার দিকে মির্জা কাদের ফেইসবুক লাইভে এসে বলেন, ‘সকাল ১০টায় চট্টগ্রামে শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পথে ফেনীর দাগনভূঞায় আমার গাড়িবহরে হামলা করা হয়েছে। যারা ফেনীতে একরামকে হত্যা করেছে, ঠিক একই কায়দায় আমাকে হত্যা করার জন্য একরামুল চৌধুরী ও নিজাম হাজারীর সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে একটা ট্রাক থাকায় আমি বেঁচে যাই। কিন্তু আমার পেছনে থাকা বহরের ১০-১২টি গাড়ির ওপর হামলা করা হয়েছে। সেলিম নামে আমাদের আওয়ামী লীগের এক নেতা আহত হয়েছে।’
মির্জা কাদের আরও বলেন, ‘ফেনীতে এখন হত্যার রাজনীতি চলছে। আমি আগেও বলেছিলাম এ রাজনীতি বন্ধ করতে। কিন্তু কেন বন্ধ করা হচ্ছে না। আজকে তাদের ইঙ্গিতে একরাম চৌধুরীরা আমাদের ওপর হামলা করার মতো ঘটনা ঘটাচ্ছে। এ দেশে কি সরকার নেই, প্রশসান নেই? এসবের কি বিচার হবে না? ফেনীর একরাম ও দাগনভূঞার ফখরুলের হত্যাকারী-নির্দেশদাতারা আজ প্রকাশ্যে চলাফেরা করে।’
সাম্প্রতিক সময়ে নিজ দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে দেশজুড়ে আলোচনায় আসা বসুরহাটের পৌর মেয়র বলেন, ‘আমরা যাকে মন্ত্রী বানিয়েছি সে মন্ত্রীর কাজ কী? সে মন্ত্রী আজকে অপশক্তির কাছে মাথানত করেছে।’ সব হামলাকারী ও নির্দেশদাতাকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মির্জা কাদের।
মির্জা কাদেরের গাড়িবহরে হামলার বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গাড়িবহরে ডিম নিক্ষেপের বিষয়টি আমরা শুনেছি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আর ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ নিজাম উদ্দিন হাজারী দেশ রূপান্তরকে বলেন, ‘আমি এ ঘটনা সম্পর্কে কিছুই জানি না। আর প্রকৃতপক্ষে এরকম কোনো ঘটনা আসলেই ঘটেছে কি না তা নিয়ে আমি সন্দিহান।’