জামালপুরে তিন অপহরণকারী আটক, অপহৃত উদ্ধার

শেরপুরের শ্রীবর্দী উপজেলা থেকে অপহরণের তিন দিন পর ময়মনসিংহ থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব-১৪। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে জামালপুরে র‌্যাব কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১৪ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা এ কথা জানান।

তিনি বলেন, গত ৮ ফেব্রুয়ারি রাতে শেরপুরের শ্রীবর্দী উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকা থেকে দিনমজুর মো. শামসুল হককে (৬৩) অপহরণ করা হয়। তিনি একই উপজেলার গড়জরিপা এলাকার আজগর আলীর ছেলে।

এই র‌্যাব কর্মকর্তা বলেন, অপহরণের পর থেকে ভিকটিমকে বিভিন্ন স্থানে নিয়ে নির্যাতন করা হয় এবং পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

তিনি জানান, পরবর্তীতে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সাহায্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কের একটি রেস্টুরেন্ট থেকে তিন অপহরণকারীকে আটক এবং অপহৃতকে উদ্ধার করা হয়।

আটক তিনজন হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার ভাটগাঁও মধ্যপাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো. আনিছুর রহমান (৩৭), একই এলাকার হারিজুর রহমানের ছেলে শফিউল আলম (৪০) এবং মল্লিক বাড়ি এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে মো. ফরহাদ হোসেন (২৩)।

সবুজ রানা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা অপহরণকারী চক্রের সদস্য। এ সময় তাদের নিকট থেকে একটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৯০০ টাকা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো-গ ৩১-১৫০৮।

এ ঘটনায় শেরপুরের শ্রীবর্দী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।