মাদারীপুরের শিবচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আওলাদ হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় নৌকা প্রতীকের আওলাদ হোসেন খানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন শিবচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আওলাদ হোসেন খান একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল শুক্রবার। এদিন তিনি মনোনয়ন প্রত্যাহার না করায় এবং অন্য কোনো প্রার্থী মেয়র পদে না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় গতকাল তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি শিবচর পৌরসভায় ভোট হওয়ার কথা।