চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকায় মেজবান খেয়ে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। তার নাম মনোয়ারা বেগম (২৫)। গতকাল শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তিনি রঙ্গিয়াঘোনা এলাকার ভ্যানচালক আব্দুস শুক্কুরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় কামরুল ইসলামের বাড়ি থেকে মেজবান খেয়ে বাড়ি ফিরছিলেন মনোয়ারা বেগম। এসময় বাঁশখালীর প্রধান সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চট্টগ্রাম চমেক হাসপাতালে নিতে পরামর্শ দেন। পরে সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, দক্ষিণ জলদী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনায় জড়িত মোটরসাইকেলটি আটক করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে মামলা হিসেবে নেওয়া হবে বলে তিনি জানান।
লক্ষ্মীপুরে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর : লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সুজন চন্দ্র দাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকায় নোয়াখালী-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক সুজন দাসকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।
সুজন সদর উপজেলার মটবী গ্রামের জগদীশ চন্দ্র দাসের ছেলে। তিনি পেশা একজন সেলুন ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নোয়াখালী-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পূর্ব দিক থেকে একটি মোটর সাইকেলযোগে সুজন ও তার দুই বন্ধু লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেওয়া হলে সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুজনের। মোটরসাইকেল আরোহী অপর দুজন আহত হয়।
ঝিনাইদহে গাড়ি উল্টে ব্যবসায়ী নিহত : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গরু বোঝাই গাড়ি উল্টে রওশন শেখ (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। গত বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রওশন শেখ ওই উপজেলার বড়মৌকুড়ী গ্রামের মুন্দির শেখের ছেলে।
আহতরা হলেন, একই এলাকার চন্ডিপুর গ্রামের ফারুক হোসেন (৩৫), পাথরবাড়ীয়া গ্রামের উজ্জল (৩৪), চড়মৌকুড়ী গ্রামের সিদ্দিক (৪০) ও শাহিন ও মৌকুড়ী গ্রামের জাহিদ (৩২)।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর বাজার থেকে গরু বেচাকেনা করে কয়েকজন ব্যাপারী গরু বোঝাই করিমন গাড়িতে বাড়ি ফিরছিলেন। পথে কাতলাগাড়ী ভাঙ্গা ব্রিজের ওপর পৌঁছালে করিমন গাড়িটি খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রওশনের নিহত হয়। এসময় আহত হয় আরও চারজন। রাতে তাদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।