গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। পরে মেয়র এম রেজাউল করিম চৌধুরী নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ঐক্যই আমাদের শক্তির ভিত্তি। তাই বিভেদ-বিভাজনের কোনো অবকাশ নেই।’ গত ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে ভোট হয়। গত বৃহস্পতিবার শপথ গ্রহণ করেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র রেজাউল করিম চৌধুরীকে এবং স্থানীয় সরকারমন্ত্রী কাউন্সিলরদের শপথ পাঠ করান।
মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা গতকাল শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মোনাজাত শেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম থেকে যাওয়া দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে মেয়র সাংবাদিকদের বলেন, ‘জলাবদ্ধতা নিরসনসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রাধান্য দিয়ে আমার কার্যদিবসের প্রথম ১০০ দিনের মধ্যে বেশ কিছু জরুরি সেবামূলক কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করার কৌশল নির্ধারণ করেছি। আশাকরি চট্টগ্রাম নগরবাসী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী এ ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করবেন।
এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ দলীয় শীর্ষ নেতা, মহানগর আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সম্পাদকমন্ডলীর সদস্য ও নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।