ট্রাম্পের বিচার না হলে ফের হামলার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটলের দাঙ্গা উসকে দিয়েছিলেন এবং দোষী সাব্যস্ত না হলে ‘তিনি আবার এমনটি ঘটাতে পারেন’ বলে সতর্ক করেছে দেশটির কংগ্রেসের ডেমোক্র্যাট প্রতিনিধিরা।

ক্যাপিটলের দাঙ্গা উসকে দেওয়ার জন্য দোষারোপ করে গত মাসে ট্রাম্পকে অভিশংসিত করে কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। এই পরিষদ থেকে আসা আইনপ্রণেতারা চলতি সপ্তাহে সিনেটরদের কাছে তাদের মামলা উপস্থাপন করেছেন।

গত বৃহস্পতিবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের অভিশংসনের বিচারে ডেমোক্র্যাট কৌঁসুলিরা ওই সহিংসতার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তুলে ধরতে দাঙ্গাকারীদের বলা কথা ব্যবহার করেছেন, পাশাপাশি এই দাঙ্গায় দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন বলে জানিয়েছে বিবিসি। তাদের মামলা এগিয়ে নিতে ডেমোক্র্যাটরা পুলিশ, ক্যাপিটলের কর্মী, গোয়েন্দা কর্মকর্তা ও বিদেশি গণমাধ্যমের বর্ণনাও উপস্থাপন করেছেন। নিজেদের চূড়ান্ত বক্তব্য হিসেবে তারা বলেছেন, ট্রাম্প সম্পদ, জনগণ ও গণতন্ত্রের ক্ষতি করেছেন।

নিজের পদক্ষেপের জন্য ট্রাম্প কোনো অনুশোচনা প্রকাশ করেননি জানিয়ে ডেমোক্র্যাট প্রতিনিধি ট্রেড লিউ বলেন, ‘যেহেতু অভিশংসন, দোষী সাব্যস্ত করা ও অযোগ্য ঘোষণা করা শুধু অতীতের বিষয়ের সঙ্গেই সম্পর্কিত নয়, এটি ভবিষ্যতের সঙ্গেও সম্পর্কিত, তাই কোনো ভবিষ্যৎ কর্মকর্তা, কোনো ভবিষ্যৎ প্রেসিডেন্ট যেন একই কাজ না করতে পারেন তা নিশ্চিত করা দরকার।’

প্রতিনিধি পরিষদের কৌঁসুলি ডেভিড সিসিলিনি জানান, কিছু দাঙ্গাকারী স্বীকার করেছে তারা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে খুন করার পরিকল্পনা করেছিল আর আইনপ্রণেতারা যেখানে লুকিয়ে ছিলেন সেই বেইসমেন্ট ‘সিল’ করে দিয়ে ‘গ্যাস চালু করে দেওয়ার’ কথা বলাবলি করছিল অন্যরা। তিনি বলেন, ‘আমাদের কেউ কখনো কল্পনাও করেনি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পাঠিয়ে দেওয়া একদল দাঙ্গাবাজের কারণে আমরা মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারি।’ ডেমোক্র্যাট কৌঁসুলিদের যুক্তিপর্ব শেষ হওয়ার পর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা গতকাল শুক্রবার তাদের যুক্তি তুলে ধরেন।