কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের কুখ্যাত কারাগার গুয়ানতানামো বে’র ভবিষ্যৎ সম্পর্কে প্রাতিষ্ঠানিকভাবে যাচাই প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। কারাগারটি বন্ধে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগ আবার চালু করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে গত শুক্রবার হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন। এ বিষয়ে অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে যুক্ত সহযোগীরা আশা করছেন, বাইডেন আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই এ সংক্রান্ত কোনো নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। বিষয়টির সঙ্গে পরিচিত দুজন ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। গুয়ানতানামো বে-কে আমেরিকার বৈশ্বিক ইমেজের একটি কলঙ্কিত দাগ বলে উল্লেখ করে থাকেন মানবাধিকার কর্মীরা।
তবে কারাগারটি বন্ধ করা খুব শিগগিরই সম্ভব হবে না; কারণ তা করতে হলে বাইডেন প্রশাসনকে দীর্ঘ রাজনৈতিক ও আইনি বাধার মুখে পড়তে হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্ন রয়টার্সকে বলেন, ‘গুয়ানতানামো বে কারাগার বন্ধ করতে আমরা নিরাপত্তা কাউন্সিলের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি যে এটি রাষ্ট্রের জন্য এখন কী ভূমিকা রাখছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে নিরাপত্তা কাউন্সিল ঘনিষ্ঠভাবে কাজ করবে যেন গুয়ানতানামো বে বন্ধের প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়। এ ছাড়া কংগ্রেসের পরামর্শও নেওয়া হবে।’