২০ বছরে কোনো উন্নতিই হয়নি: মুমিনুল

দেড় বছর আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হার নাড়িয়ে দিয়েছিল দেশের ক্রিকেটকে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর যেন একই চিত্র। বাংলাদেশের ক্রিকেটারদের টেস্ট টেম্পারামেন্ট নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে মাঠে শরীরী ভাষা, নিবেদন নিয়েও।

টেস্ট মর্যাদা পাওয়ার ২০ বছর পেরিয়ে গেলেও কতটুকুই বা এগোল বাংলাদেশ, প্রশ্ন এ নিয়েও। উইন্ডিজের বিপক্ষে হারের পর যার উত্তর দিতে গিয়ে অধিনায়ক মুমিনুল হকের সরল স্বীকারোক্তি, ‘২০ বছরে কোনো উন্নতিই হয়নি।’

রবিবার ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা ১৭ রানে হারে বাংলাদেশ। তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়। ৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশকে পড়ে থাকতে হয় তলানিতে। বাংলাদেশ একমাত্র দল যারা এখনো পয়েন্টের মুখ দেখেনি।

২০ বছরের পরিসংখ্যানে তাকালে দেখা যায় ১২১ টেস্টে বাংলাদেশের জয় মাত্র ১৪টি, হার ৯১টি। এর মধ্যে ইনিংস হার মাত্র ৪৩টি!

ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বললেন, ‘এটা সত্যি কথা, আসলেই ২০ বছর হয়ে গেছে। এখনো উন্নতি… আমার কাছে মনে হয়, কোনো উন্নতিই ওইভাবে হয়নি।’

টেস্টে ভালো করতে অনেক জায়গায় উন্নতি প্রয়োজন বলে মত অধিনায়কের, ‘মানুষের উন্নতির তো শেষ নেই। মৃত্যুর আগ পর্যন্ত, বাংলাদেশের হয়ে যত দিন ক্রিকেট খেলব, উন্নতি করতে হবে। আমাদের উন্নতি করার অনেক কিছু বাকি আছে।’