মুশফিকুর রহিম ও তামিম ইকবালের পর বাংলাদেশের টেস্ট ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুমিনুল হক। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৯১ রান করার পর, দ্বিতীয় ইনিংসে আজ ফিফটি পূর্ণ করার সঙ্গে সঙ্গেই তিনি এই অনন্য উচ্চতায় পৌঁছান।
বৃষ্টিতে প্রায় এক সেশনের খেলা নষ্ট হওয়ার পর বিকেল পৌণে চারটায় আবার খেলা শুরু হয়। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৩৭.৬ ওভারে নোমান আলিকে স্কয়ার লেগের দিকে সুইপ করে ১ রান নিয়ে নিজের অর্ধশতক পূর্ণ করেন মুমিনুল। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের ২৭তম হাফ সেঞ্চুরি এবং টানা পাচ ইনিংসে ফিফটি প্লাস স্কোর (৮২, ৬৩, ৮৭, ৯১, ৫০*)।
বাংলাদেশের হয়ে এই মাইলফলকে পৌঁছাতে মুমিনুল হক নিয়েছেন ১৪১টি ইনিংস। যেখানে তামিম ইকবাল ১২৯ ইনিংসে এবং মুশফিকুর রহিম ১৪৯ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন।
বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক
| খেলোয়াড় | ম্যাচ | রান |
|---|---|---|
| মুশফিকুর রহিম | ১০১* | ৬৫১০* |
| তামিম ইকবাল | ৭০ | ৫১৩৪ |
| মুমিনুল হক | ৭৬* | ৫০০০* |
বিসিবিতে ফিরছেন বুলবুলের কমিটির পরিচালক রাজ্জাক