নিজ অফিসের বড় পর্দায় জাহিদ হোসেনের অসাধারণ থ্রুতে ওমর জোবের গোলের ফুটেজটা বারবার দেখালেন তিনি। বার পাঁচেক দেখানোর পর শুরু করলেন কথা বলা, ‘বেদনা ভারাক্রান্ত মন নিয়ে ফাগুনের প্রথম দিনে আপনাদের সামনে অনেকদিন পর হাজির হয়েছি। এখন আমি সেভাবে ফুটবল নিয়ে কথা বলি না। কিন্তু গতকাল (শনিবার) আমার প্রাণপ্রিয় দল শেখ জামালের একটি গোল অন্যায়ভাবে বাতিল করে দিয়েছেন রেফারি। মানতে বড় কষ্ট হচ্ছে। কষ্টটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতেই আজ এখানে ডেকেছি।’ বলছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের। শনিবার বসুন্ধরা কিংসের বিপক্ষে বিপিএল ম্যাচে রেফারি জালালউদ্দিনের ভুল বাঁশির শিকার হয়ে নিশ্চিত জয় বঞ্চিত হয়েছে জামাল। যা মেনে নিতেই পারছেন না কাদের। নিম্নমানের রেফারিংয়ের বিরুদ্ধে তাই সোচ্চার হয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনুরোধ করেছেন আধুনিক ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহারের।
‘এটা অনেক বড় খেলা ছিল। জিতলে আমরা শীর্ষে চলে যেতাম। কিন্তু রেফারির ভুল সিদ্ধান্ত আমাদের জিততে দেয়নি। এই সমস্যা মান্ধাতার আমল থেকেই হয়ে আসছে। অযোগ্য রেফারিংয়ে খেলার সৌন্দর্য নষ্ট করে ফেলছে। একটা বাজে সিদ্ধান্তে তিন পয়েন্ট পেলাম না। এভাবে ফুটবল হলে আমাদের আগ্রহ কীভাবে থাকবে? সাধারণত এত সুন্দর গোল দেখা যায় না ঢাকার মাঠে। আমি বাফুফের শীর্ষ কর্তা কাজী সালাহউদ্দিনের কাছে এর প্রতিকার চাই। তার প্রতি অনুরোধ আপনি ভিডিওটি বড় পর্দায় দেখুন। যদি সেটি গোল না হয়, তবে আমার কোনো কথা নেই। আর যদি গোল হয়, তবে রেফারি কেন সেটা বাতিল করল, তার বিচার চাই,’ সংবাদ সম্মেলনে বলছিলেন কাদের। বাজে রেফারিং থেকে মুক্তি পেতে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ারও দাবি জানান, ‘রেফারিদের অবশ্যই নিউট্রাল (নিরপেক্ষ) হওয়া উচিত। কার ইন্টারেস্টে এই বাঁশি বাজাল। এগুলো খুব সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তদন্ত করে বের করা যায়। এটা করা না হলে ফুটবলে কুড়াল মারা হবে।’
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান সাবেক ফুটবল আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বলেন, ‘এরকম গোল বঙ্গবন্ধু স্টেডিয়ামে খুব বেশি দেখা যায় না। এমনিতেই মানুষ ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরকম গোল রেফারি বাতিল করে দিলে শুধু আমাদের ক্লাব নয়, গোটা ফুটবলেরই ক্ষতি হবে।’ ক্লাবের আরেক কর্মকর্তা সাবেক ফুটবলার আব্দুল গাফফার রেফারিদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘খুবই দুঃখজনক। তারা আসলে শারীরিকভাবে একদমই ফিট নয়। গতকালের (শনিবার) ম্যাচ আমাদের জেতা ম্যাচ। এরকম হতে থাকলে ফুটবল থেকে অনেকেই মুখ ফিরিয়ে নেবে। পৃষ্ঠপোষক, স্পন্সররা আর ফুটবলকে সহায়তা দেবে না।’