নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটিকে হার্ট ইনস্টিটিউট করতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভবনটিতে হাসপাতাল করে দেওয়ার আশ্বাস দেন।
নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল পরিদর্শনের সময় রবিবার দুপুরে তাদের মধ্যে এ বিষয়ে কথা হয়।
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম উপস্থিত ছিলেন।
এর আগে হার্ট ইনস্টিটিউট করার জন্য অনুরোধ করা হলে আইনমন্ত্রীও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ভবনটি হস্তান্তর করার আশ্বাস দিয়েছিলেন।
এ সময় সাংসদ শামীম ওসমান বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নারায়ণগঞ্জে ৩ বছর যাবৎ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ভবনটি নির্মাণে ৪০ থেকে ৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। জমির দামও প্রায় ৫০ কোটি টাকা হবে। আমাদের আইনমন্ত্রী মহদোয়কে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, উনি তখন বলেছেন, যেকোনো একটা মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে ভবনটি হস্তান্তর করে দেবেন। আমরা চাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে হার্ট ইনস্টিটিউট।
দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ঢাকার পরেই আমার কাছে মনে হয়, বৃহত্তর সিটি হচ্ছে নারায়ণগঞ্জ। অনেক ব্যবসা-বাণিজ্য এখানে, লোকজনের বসবাসও বেশি। তাই চিকিৎসাব্যবস্থা ভালো হওয়া প্রয়োজন। শামীম ওসমান সাহেব যে ভবনের কথা বলেছেন, সেটা আইন মন্ত্রণালয়ের অধীনে। সেই ভবনটাকে হার্ট হাসপাতাল করার জন্য তার অনুরোধ রয়েছে। আমরা এ বিষয়ে যথাযথ গুরুত্বসহকারে পদক্ষেপ গ্রহণ করব। আমরা আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে এই ভবনটি নেওয়ার চেষ্টা করব। ভবনটি যদি নিতে পারি, তাহলে অবশ্যই এখানে একটি সুন্দর হাসপাতাল করে দিতে চাই।