গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে খাবার খেয়ে দুই শতাধিক আনসার সদস্য অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শনিবার দুপুরে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়া আনসার সদস্যদের একাডেমির নিজস্ব হাসপাতাল ও ব্যারাকে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে অবশ্য বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্র্তৃপক্ষ।
সফিপুর আনসার ভিডিপি একাডেমির একাধিক সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার সেখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর গত শনিবার বাহিনীটির দরবার সভা হয়। ওই দিন দুপুরের দিকে সভা শেষে প্রায় ১০ হাজার আনসার সদস্যকে খাবার বিতরণ করা হয়।
এক আনসার সদস্য দেশ রূপান্তরকে জানান, শনিবার মধ্যরাত থেকে আনসার সদস্যরা অসুস্থ হতে শুরু করেন। অবস্থা বেগতিক হলে একাডেমির নিজস্ব হাসপাতালে তাদের ভর্তি করা হয়। ১০০ বেডের হাসপাতালে জায়গার সংকুলান না হওয়ায় ব্যারাকে রেখেও চিকিৎসা দেওয়া হয়।
একাডেমির এক চিকিৎসক জানান, গতকাল রবিবার দুপুর পর্যন্ত অসুস্থ হয়েছেন দুই শতাধিক আনসার সদস্য। তবে তাদের বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন। তিনি বলেন, ‘খাদ্যে বিষক্রিয়া থেকে তারা অসুস্থ হয়ে পড়েছেন, তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।’
বাহিনীটির জনসংযোগ কর্মকর্তা মেহেনাজ তাবাসসুম বলেন, ১০ হাজার সদস্যের জন্য খাবার দেওয়া হয়েছিল। অনেকে খাবার দেরিতে খেয়ে থাকতে পারেন। সে জন্য হয়তো খাবার নষ্ট হয়ে গিয়েছিল। তাই এ অবস্থা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’