করোনাভাইরাস মহামারীর কারণে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারের ছুটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে দেশের সব প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলগুলোও বন্ধ থাকবে।
করোনার সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ছুটি বাড়ানো হয়েছে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে বলা হয়েছে। তবে কওমি মাদ্রাসায় যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। অন্যদিকে প্রাথমিক স্তরের ছুটির ঘোষণা এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে।
গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।