ছোটপর্দার ব্যস্ত অভিনেতা ইরফান সাজ্জাদ। ভালোবাসা দিবসে বেশ কিছু নাটক নিয়ে হাজির হয়েছেন তিনি। একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। এসব নিয়ে তার সঙ্গে কথা বলেছেন রণ
ভ্যালেন্টাইন ডে...
এবারের ভালোবাসা দিবস আসলে শ্যুটিং ব্যস্ততায় কেটেছে। নারী দিবসের জন্য একটি দারুণ শর্টফিল্ম করেছি। বিদ্যা সিনহা মিম আমার খুব ভালো বন্ধু। আমার প্রথম সিনেমার নায়িকা। সেটাও অনেক বছর আগের কথা। এরপর একসঙ্গে আর কাজ করা হয়নি। দুজনই চাচ্ছিলাম একসঙ্গে কাজ করতে। অবশেষে দুজনের শিডিউল মিলেছে ১৪ ফেব্রুয়ারিতেই। তারপরও আমরা কাজটি পেছাইনি। আশা করি দর্শকের খুব পছন্দ হবে।
ভালোবাসার নাটক...
আমি নির্দিষ্ট করে বলতে পারব না এবার আমার অভিনীত কটি নাটক প্রচার হয়েছে। আনুমানিক ১০-১২টি হবে। সবগুলোর নাম এই মুহূর্তে মনে নেই। ভালো সাড়া পাচ্ছি ‘মন অবরোধ’ (সারিকা সাবাহ), ‘দুর্ঘটনা কবলিত স্বামী’ (সাফা কবির), ‘তোমায় ভালোবাসি’ ও ‘দেখাদেখি’ (তানজিন তিশা), ‘ভালোবাসার রেসিপি’ ও ‘আড়াই প্যাচ’ (কেয়া পায়েল) নাটকগুলো থেকে।
পরিচালকের অভাব...
আমি এখন খুব বেছে কাজ করছি। দর্শক আমাকে পছন্দ করার পর থেকেই ভালো গল্পে কাজ করতে চাই। কিন্তু এখন সময় এসেছে পরিচালক বেছে কাজ করার। আমি সব সময় নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে চেয়েছি। নায়িকা কে হবে তা নিয়েও আমার কোনো মাথাব্যথা নেই। কিন্তু অভিজ্ঞতা খুব বাজে। দেখা যাচ্ছে এমন কেউ পরিচালক হয়ে গিয়েছেন যিনি অ্যাকশন বলার ক্ষমতাই রাখেন না। প্রডিউসার বাগিয়ে আনলেই পরিচালক হওয়া যায় না। এতে অনেক ভালো গল্প নষ্ট হয়ে যায়। এখন ইন্ডাস্ট্রিতে ৮০০ শিল্পী থাকলে ৮০০ পরিচালক আছে। যার মধ্যে ২০ জন পরিচালক আছেন যারা আসলেই মেধাবী। তবে নতুন দুই-একজন আছেন ভালো। মুহতাসিম তাকী নামের নতুন পরিচালকের সঙ্গে ‘মন অবরোধ’ নাটকে কাজ করলাম। তার কাজে মুগ্ধ হয়েছি।
মিউজিক ভিডিও...
যেকোনো ভালো কাজের সঙ্গে থাকতে চাই। তাই অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে ভালো মানের গানের ভিডিওতে কাজের প্রস্তাব পেলে না করতে পারি না। এর আগে আমার করা মিউজিক ভিডিওগুলো দর্শক পছন্দ করেছে। গত বছর তাহসান খান আর সুষ্মিতা আনিসের ডুয়েট গান ‘স্মৃতির ফানুস’ বেশ সাড়া ফেলে। হাওয়াই মিঠাই নামের আরেকটি মিউজিক ভিডিও করেছিলাম বেশ আগে। ইভানার সঙ্গে সেই ভিডিওটি খুব পছন্দ করে দর্শক। আর এবার করেছি এ সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ও কম্পোজার প্রীতম হাসানের একটি গান। ‘জীবনের উৎসবে একসাথে’ শিরোনামের এ কাজটি অভিনয়নির্ভর ছিল বলে বেশ উপভোগ করেছি। ভ্যালেন্টাইনের বেশিরভাগ গানে ভালোবাসাটা প্রেমিক-প্রেমিকার মধ্যে আবদ্ধ থাকলেও এ গানে উঠে এসেছে পরিবার, বন্ধু ও প্রকৃতির প্রতি ভালোবাসার বিষয়গুলো।