রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী মাসে ঢাকা থেকে সরাসরি কানাডার টরন্টো, জাপানের টোকিও এবং ভারতের চেন্নাইয়ে ফ্লাইট চালু করতে যাচ্ছে। এ প্রক্রিয়া এগিয়ে নিতে জিএসএ নিয়োগসহ অন্যান্য প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে সংস্থাটি।
গতকাল সোমবার ফার্মগেটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মুদ্রণ ও প্রকাশনা বিভাগের (বিমান প্রেস) বাণিজ্যিক সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এসব তথ্য জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী মার্চ মাসে টরন্টো, টোকিও এবং চেন্নাই রুটে বিমানের সরাসরি ফ্লাইট শুরু হবে। ঢাকা-নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইটের ব্যাপারেও আমরা দ্রুত সুখবর দিতে পারব।’ প্রতিমন্ত্রী বলেন, ‘বিমানের বহর এখন আধুনিক ও তারুণ্যদীপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহ ও চেষ্টায় বহরে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ১৩টি উড়োজাহাজ। শিগগিরই আরও দুটি নতুন ড্যাশ-৮ উড়োজাহাজ যুক্ত হবে। এ উড়োজাহাজগুলোর মাধ্যমে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা দেওয়া হবে। সেবা নিশ্চিতে বিমানের কোনো কর্মকর্তার গাফিলতি আমরা সহ্য করব না।’ তিনি আরও বলেন, ‘করোনা মহামারীর কারণে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এভিয়েশন ও পর্যটন শিল্প। সব এয়ারলাইনস কোম্পানি একটি বিশেষ পরিস্থিতি পার করছে। বিমান বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এজন্য অপারেশনাল ব্যয় কমানোর পাশাপাশি আয় বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। বর্তমানে বিমানের সব সম্পদের সর্বোচ্চ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।’
সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষিত জনবল, জার্মানির হাইডেলবার্গ কোম্পানির প্রিন্টিং মেশিন, পোলার পেপার কাটিং মেশিন, প্লেট মেকিং মেশিন, ডাই কাটিং মেশিন, গ্লুম্যাট, স্পট লেমিনেশন মেশিন, ডিজিটাল, প্যানা, পিভিসি প্রিন্টিং মেশিনসমৃদ্ধ বিমান প্রেস থেকে এখন গ্রাহকরা সাশ্রয়ীমূল্যে বাণিজ্যিক সেবা নিতে পারবেন। প্রকাশনী ও মুদ্রণ কেন্দ্র ফার্মগেটের মতো রাজধানীর অন্যতম প্রধান এলাকায় হওয়ায় তা বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করবে বলে মনে করেন বিমানের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন, বিমান পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার আতিক-ই-রাব্বানী প্রমুখ।