চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় জে কে ফোম নামে কর্কশিট তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আড়াই ঘণ্টা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, এ কারখানায় প্লাস্টিকের দানা থেকে বিভিন্ন ধরনের কর্কশিট তৈরি হয়। তিনতলা ভবনের কারখানার নিচ তলায় মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার পর তা কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নগরীর লামার বাজার ও নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রামের লামার বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, বেলা দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে সোয়া দুইটা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করে দেখা হবে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।