ডিএসই এমডি

আশিক রহমানের নিয়োগে সম্মতি দেয়নি এসইসি

সিটি ব্যাংক এনএর চিফ কান্ট্রি কমপ্লায়েন্স অফিসার আশিক রহমানকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগে সম্মতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। যোগ্যতায় ঘাটতি ও ডিএসইর বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশনে বর্ণিত উপযুক্ত এবং যথাযথ মানদন্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ মনে হওয়ায় আশিক রহমানকে এমডি পদে নিয়োগে ডিএসই পর্ষদের সিদ্ধান্তে অনুমোদন দেয়নি এসইসি। গতকাল কমিশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়ে ডিএসইকে জানিয়ে দেওয়া হয়েছে। আশিক রহমানের যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) রেগুলেশন, ২০১৩ প্রবিধানে বর্ণিত উপযুক্ত এবং যথাযথ মানদন্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হওয়ায় কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ডিএসইকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে।

নিয়োগের আট মাসের মাথায় গত ৮ জানুয়ারি পদত্যাগ করেন ডিএসইর এমডি কাজী সানাউল হক। এমন পরিস্থিতিতে এমডি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএসই। আবেদনকারীদের মধ্য থেকে ডিএসইর এনআরসি কমিটির সংক্ষিপ্ত তালিকায় দুজনকে রাখা হয়। এর মধ্যে একজন এম আশিক রহমান ও অন্যজন বর্তমানে লন্ডন স্টক এক্সচেঞ্জে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা ড. মোহাম্মদ এনামুল সরকার। তবে ইন্টারভিউ শেষে এম আশিক রহমানকে ডিএসইর এমডি পদের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করে ডিএসইর এনআরসি কমিটি, যেখানে তিনজন শেয়ারধারী পরিচালকও উপস্থিত ছিলেন। এক্ষেত্রে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারীর মনোনীত পরিচালকের মতামতও উপেক্ষা করা হয়।