নরসিংদীর বেলাবতে মুক্তিযুদ্ধের সংগঠক ও কৃষকনেতা প্রয়াত আবদুল হাইয়ের বাড়ির আঙিনায় মাটি খুঁড়তে গিয়ে গুলিভর্তি একটি বাক্স পাওয়া গেছে।
গত মঙ্গলবার রাতে উপজেলার চরউজিলাব গ্রামের ওই বাড়িতে বাক্সটি পান মাটি কাটার শ্রমিকরা। পরে খবর পেয়ে পুলিশ এসে গণনা শেষে বাক্সে ৩ হাজার ৪৬০ রাউন্ড গুলি পায়।
পুলিশ, আবদুল হাইয়ের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বাড়িটির একটি অংশে মাটি ভরাট করছিলেন শ্রমিকরা। এজন্য মঙ্গলবার দিনভর বাড়ির আঙিনার কলাগাছের অন্য একটি অংশ থেকে মাটি কাটা হচ্ছিল। মাটি কাটার একপর্যায়ে সন্ধ্যার দিকে কোদালের কোপে শক্ত কিছুর অস্তিত্ব টের পান এক শ্রমিক। পরে সবাই মিলে মাটির নিচ থেকে একটি বাক্স বের করে আনেন। তারা বিষয়টি বাড়ির কর্তা বায়েজিদ হোসেনকে (আবদুল হাইয়ের ছেলে) জানান। তিনি স্থানীয় থানায় খবর দেন। খবর পেয়ে বেলাব থানা পুলিশ এসে রাত ১০টা পর্যন্ত মাটি খুঁড়ে আরও গুলির সন্ধান করে। পরে গণনা করে বাক্সে ৩ হাজার ৪৬০ রাউন্ড রাইফেলের গুলি পাওয়া যায়। এ সময় স্থানীয়রা এসব গুলি দেখতে ভিড় করেন।
বায়েজিদ হোসেন বলেন, ‘আমার বাবা মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে জেলও খেটেছিলেন। ১৯৭১ সালে আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। এখানে স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো। তবে মাটির নিচে গুলি থাকার কথা এতদিন আমরা জানতাম না।’
বেলাব থানার ওসি সাফায়েত হোসেন পলাশ জানান, থ্রি নট থ্রি রাইফেলের এসব গুলি মুক্তিযোদ্ধাদের জন্য মজুদ রাখা হয়েছিল বলে তারা ধারণা করছেন। দীর্ঘদিন মাটিচাপা অবস্থায় থাকায় মরিচা পড়ে এগুলো পরিত্যক্ত হয়ে গেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে গুলিগুলো জেলা পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।