মনিরামপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

যশোরের মনিরামপুরে চোর সন্দেহে গণপিটুনিতে আল মামুন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনা ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার খোজালীপুর গ্রামে। এ ঘটনায় বুধবার সন্ধ্যা থেকে পুলিশ এলাকায় এলাকায় অভিযান চালিয়ে চার যুবককে আটক করেছে। তবে পুলিশ দুজনকে আটকের কথা জানিয়েছে।

নিহত আল মামুন মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের খোজালীপুর গ্রামের মশিয়ার রহমানের একমাত্র ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আনিচুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আল মামুন এবং তার সহযোগী আরমান খোজালীপুর গ্রামে কৃষক আইনাল হোসেনের ছেলে আল আমিনের ঘর থেকে একটি মোবাইল ফোন চুরি করে পলিয়ে যায়। এ সময় টের পেয়ে আল আমিন চিৎকার করলে আশপাশের লোকজন ধাওয়া করে আল মামুনকে আটক করে বেধড়ক পিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। ওই অবস্থায় তাকে খোজালীপুর গ্রামের মধ্যপাড়ার মসজিদের সামনে ইমরান হোসেনের মুদি দোকানের বেঞ্চের ওপর ফেলে রাখা হয়। বুধবার সকালে মামুনের মা সকিনা বেগম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় এদিন বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ দিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার সন্ধ্যা থেকে পুলিশ এলাকায় অভিযানে নামে।

রাত ৯টায় এ রিপোর্ট লেখার সময় স্থানীয় ওয়ার্ড মেম্বর আনিচুর রহমান জানান, মামুন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চার যুবককে পুলিশ আটক করেছে। তারা হলো খোজালীপুর গ্রামের আলতাফ হোসেন, সোহাগ হোসেন, ইমরান হোসেন ও মিন্টু। তবে মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম আলতাফ হোসেন এবং সোহাগ হোসেনকে আটকের কথা জানিয়েছেন।