৩ কোটি ২০ লাখ রুপিতে পুরোনো ঠিকানায় সাকিব

আইপিএলের ১৪তম আসরের নিলামে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি অলরাউন্ডারকে কিনে নিয়েছে দলটি।

বৃহস্পতিবার চেন্নাইয়ে অনুষ্ঠিত নিলামে সাকিবকে দলে পাওয়ার ক্ষেত্রে লড়াই হয়েছে কলকাতা ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে। সাকিবের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুটি।

তাকে প্রথম ডাকে কলকাতা। এরপর দ্বৈরথে যোগ দেয় পাঞ্জাব। শেষ পর্যন্ত বাঁহাতি অলরাউন্ডারকে পাওয়ার লড়াইয়ে জিতে কলকাতা।

এ দিনের নিলাম থেকে সর্বোচ্চ মাত্র ২ জন বিদেশি ক্রিকেটারের কোটা বাকি ছিল কলকাতার। সাকিব হলেন তাদের একজন।

কলকাতা নাইট রাইডার্স সাকিবের পুরোনো ঠিকানা। বলতে গেলে কলকাতার ঘরের ছেলে সাকিব। কারণ ২০১১ সালে এই দল দিয়েই শুরু হয়েছিল সাকিবের আইপিএল অধ্যায়। এরপর টানা ৬ বছর খেলে গেছেন একই দলে। ২০১৮ আইপিএলে সে সম্পর্কের ছেদ ঘটে।

সেবার কলকাতা ছেড়ে দেওয়ার পর সানরাইজার্স হায়দরাবাদ লুফে নেয় সাকিবকে। দুই মৌসুম সেখানে খেলার পর গত মৌসুমে ছিলেন না সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এবার আবার আইপিএলে দেখা যাবে সাকিবকে। সেটা তার পুরোনো নীড়ে।

এদিকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ভিত্তিমূল্য ১ কোটি রুপিতেই তাকে নিয়েছে দলটি।

আরো পড়ুন

হায়দরাবাদ-মুম্বাই হয়ে এবার রাজস্থানে মোস্তাফিজ