হায়দরাবাদ-মুম্বাই হয়ে এবার রাজস্থানে মোস্তাফিজ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৮ পিএম

আইপিএলে এবার রাজস্থান রয়্যালসে খেলবেন মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটি।

বৃহস্পতিবার চেন্নাইয়ে অনুষ্ঠিত নিলামে প্রথম ডাকেই বাংলাদেশি পেসারকে পেয়ে যায় রাজস্থান।

মোস্তাফিজের জন্য রাজস্থান হবে তৃতীয় আইপিএল দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন কাটার মাস্টার।

২০১৬ সালে আইপিএলে নিজের অভিষেক আসরেই বাজিমাত করেছিলেন মোস্তফিজ। ১৭ উইকেট নিয়ে হায়দরাবাদের শিরোপা জয়ে রাখেন বড় ভূমিকা। আসরের ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ স্বীকৃতিও জিতে নেন ‘ফিজ’।

তবে পরের আসরে হায়দরাবাদ মোস্তাফিজকে মাত্র ১ ম্যাচে মাঠে নামায়। ২০১৮ সালে দলটি তাকে ছেড়ে দিলে নিলাম থেকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভেড়ায়। সেবার ৭ ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট।

তবে চোট আর বাজে ফর্ম মিলে পরের দুটি আসরে ছিলেন না মোস্তাফিজ। গতবার নিলামে ছিলেন অবিক্রীত। এবার ঠিকই দল পেলেন।

রাজস্থানে একঝাঁক তারকা ক্রিকেটার ও তারকা কোচিং স্টাফদের সান্নিধ্য পাবেন মোস্তাফিজ। সতীর্থ হিসেবে পাবেন জোফরা আর্চার, জস বাটলার, বেন স্টোকস, ডেভিড মিলারদের। দলটির প্রধান কোচ অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, শুভেচ্ছা দূত ও মেন্টর শেন ওয়ার্ন।

এ ছাড়া গত মাসেই রাজস্থানের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ হিসেবে দায়িত্ব নিয়েছেন কুমার সাঙ্গাকারা।

মোস্তাফিজ ছাড়াও বাংলাদেশিদের মধ্যে দল পেয়েছেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারকে এবার দেখা যাবে তার পুরোনো ঠিকানা কলকাতা নাইটরাইডার্সে।

আরো পড়ুন

৩ কোটি ২০ লাখ রুপিতে পুরোনো ঠিকানায় সাকিব

×
সর্বশেষ সর্বাধিক পঠিত