সাকিব আল হাসানের আদুরে নাম ‘ময়না’। সে নামেই গতকাল সাকিবকে স্বাগত জানাল কলকাতা নাইট রাইডার্স। ৩ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশ অলরাউন্ডারকে কেনার সঙ্গে সঙ্গেই ‘স্বাগত! ময়না’ লিখে নিজেদের ফেইসবুক পেজে পোস্ট দেয় আইপিএলের দু’বারের চ্যাম্পিয়নরা। গতকাল চেন্নাইয়ে আইপিএল নিলামে সাকিবকে দ্বিতীয়বারের মতো কিনে নিয়েছে কলকাতা। ২০১১ সালে সাকিবকে প্রথমবার দলে নিয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানের দল। ওই সময় সাকিবের জন্য ৪ লাখ ২৫ হাজার ডলার (৩ কোটি ৮০ হাজার রুপি প্রায়) খরচ করে কলকাতা। গতকালের নিলামে তারা সাকিবকে নিয়েছে ৩ কোটি ২০ লাখ রুপিতে। সাকিবের পাশাপাশি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমানও। অধিনায়ক স্টিভ স্মিথ মাত্র ২ কোটিতে দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার পর রাজস্থান রয়্যালস কাটার মাস্টারকে কিনে নিয়েছে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে।
২০১১ থেকে ২০১৭, সাত মৌসুম পর ২০১৮তে সাকিবকে ছেড়ে দিয়েছিল কলকাতা। সেবার ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই নতুন দল পান সাকিব। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুই মৌসুম খেলেন। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞায় ছিলেন এক বছর। ওই সময় হায়দরাবাদ সাকিবকে ছেড়ে দেয়। মূলত ২০১৯ সালে সানরাইজার্সে থাকাকালীন ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব। তা যথাযথ কর্র্তৃপক্ষকে না জানানোয় নিষেধাজ্ঞায় পড়েছিলেন। এক মৌসুম পর আইপিএল নিলামে উঠেই দল পেলেন বাংলাদেশ অলরাউন্ডার। এবার তাকে দল পেতে কলকাতার সঙ্গে কাড়াকাড়িতে শামিল হয় আরেক বলিউড সুপারস্টার প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। ভিত্তিমূল্য ২ কোটি থেকে দর কষাকষিতে ৩ কোটি ২০ লাখে গিয়ে থামে। এরপর সরে দাঁড়ায় পাঞ্জাব। তাই দ্বিতীয়বারের মতো কলকাতায় ফিরলেন সাকিব। এবার অভিজ্ঞ হরভজন সিংকে পাশে পাবেন সাকিব।
নাইট রাইডার্সের জার্সিতে ৪৩ ম্যাচ খেলে দুটি হাফসেঞ্চুরিসহ ৪৯৮ রান করেছেন সাকিব, উইকেট ৪৩টি। কলকাতায় সাকিব সেরা সময় কাটিয়েছেন ২০১৪ মৌসুমে। সেবার ১৩ ম্যাচে ১১ ইনিংসে ১৪৯.৩৪ স্ট্রাইক রেটে ২২৭ রান করেন এবং ১১ উইকেট নেন ওভারপ্রতি ৬.৬৮ রান দিয়ে। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স কলকাতার প্রথম শিরোপা জয়ে দারুণ ভূমিকা রাখে। এমনিতে আইপিএলে মোট ৬৩ ম্যাচে ৭৪৬ রান ও ৫৭ উইকেট সাকিবের।
সাকিবকে দলে নেওয়ায় কলকাতার প্রশংসা করেছেন ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ‘কলকাতার জন্য খুবই ভালো ক্রয়। ৩.২০ কোটি না হয়ে আরও বেশি পেত সাকিব, যদি আইপিএলে পুরোটা সময় তার খেলার ভালো ধারণা পাওয়া যেত’ টুইটারে লিখেন হার্শা। সাকিব অবশ্য পুরোটা সময় আইপিএলে খেলবেন কিনা তা নিয়ে সংশয়ের কারণ এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। দেশের মাটিতে ওয়ানডে সিরিজের পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ হতে পারে বাংলাদেশের। তাই ১১ এপ্রিল থেকে নির্ধারিত সাকিব কম ম্যাচ খেলতে পারেন তা নিয়ে সংশয় আছে। তবে পুরনো সতীর্থকে ফিরে পেয়েই খুশি দলটির বর্তমান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ‘সাকিবকে কলকাতা নাইট রাইডার্সে ফিরে পেয়ে ভালো লাগছে। অভিজ্ঞ, মানসম্পন্ন ও পরীক্ষিত।’
এদিকে কলকাতায় ফিরতে পেরে উচ্ছ্বসিত সাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘কেকেআরে ফিরে আসতে পেরে খুব উচ্ছ্বসিত। আমরা ২০১২ এবং ২০১৪ সালে যা অর্জন করেছি তার পুনরাবৃত্তি করতে চাই।’
সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সে মোট তিন মৌসুম খেলা পেসার মোস্তাফিজ গেলেন নতুন দল রাজস্থানে। ২০১৬ সালে ১ কোটি ৪০ লাখ রুপিতে হায়দরাবাদে যোগ দেন মোস্তাফিজ। প্রথম আসরেই দলটির শিরোপা জয়ে দারুণ ভূমিকা রাখেন ১৭ উইকেট নিয়ে। প্রথম কোনো বিদেশি হিসেবে ইমার্জিং খেলোয়াড়ের পুরস্কারও পান সেবার। পরের আসরে হায়দরাবাদের হয়ে ১টি ম্যাচ খেলেন। এরপর ২০১৮ সালে ২ কোটি ২০ লাখ রুপিতে তাকে নেয় মুম্বাই। এই দলের হয়ে ৭ ম্যাচে ৭ উইকেট নেন। তবে সম্প্রতি ফর্মে ফিরেছেন ফিজ। তাই সামনের আসরে কেমন করেন সেটাই দেখার। তবে সাকিবের মতো তারও পুরো আসর খেলা নিয়ে সংশয় আছে।
কলকাতা নাইট রাইডার্সে বিদেশি ক্রিকেটার কোটা বাকি ছিল দুটি। এর মধ্যে অনেক গুরুত্ব দিয়েই তারা সাকিবকে নিয়েছে। এ ছাড়া রাজস্থানে তিনজন বিদেশির কোটা বাকি ছিল। এর মধ্যে একটি পেলেন মোস্তাফিজ। কিন্তু নিলামে নাম না ওঠায় দল পাননি মাহমুদউল্লাহ, মুশফিক ও সাইফউদ্দিন।