অস্ট্রেলিয়ায় নিউজ ফিড বন্ধ করল ফেইসবুক

অস্ট্রেলিয়ায় খবর প্রচার বা নিউজ ফিড বন্ধ করেছে ফেইসবুক কর্র্তৃপক্ষ। এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন দেশটির সাধারণ মানুষসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও সরকারি দপ্তরগুলো। তারা জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংবাদ দেখা, পড়া বা শেয়ার করতে পারছেন না। গত বুধবার থেকে অস্ট্রেলিয়ায় ফেইসবুকে খবর বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে এএফপি।

অস্ট্রেলিয়ায় সরকারি স্বাস্থ্য বিভাগ কভিড পরিস্থিতির আপডেট ফেইসবুক পেজে দিত, বুধবার থেকে তা বন্ধ হয়ে গেছে। সরকারি দমকল বিভাগের বুশ ফায়ার সংক্রান্ত খবরও বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন সংবাদমাধ্যমও ফেইসবুক পেজের মাধ্যমে তাদের খবর প্রচার করতে পারছে না।

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার বাসিন্দারা দেখেন তাদের নিউজ ফিডে কোনো সংবাদ কনটেন্ট নেই। স্থানীয় বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমের ফেইসবুক পেজেও তারা খবর দেখতে পারছেন না। এই পদক্ষেপের বিষয়ে ফেইসবুক বলছে, ‘অস্ট্রেলিয়ায় প্রস্তাবিত আইনটি মূলত আমাদের প্ল্যাটফর্ম এবং সংবাদ প্রকাশকদের মধ্যে সম্পর্কের ভুল ধারণা দেয়। তাই আমরা এই পথ বেছে নিয়েছি।’

দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে লড়াই চলছে ফেইসবুক ও গুগলের। অভিযোগ, গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে একটি আইন পাস হয়। যাতে বলা হয়, সংবাদ কনটেন্টের জন্য দেশটির প্রকাশকদেরও লাভের ভাগ দিতে বাধ্য থাকবে গুগল ও ফেইসবুক।