রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ায় চলন্ত রিকশা থেকে পড়ে ইউসুফ নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বড় বোন সাবিহা আক্তার (১২) আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশু ইউসুফকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা ইয়াসমিন আক্তার জানান, তারা দক্ষিণ বনশ্রী এ ব্লকের শাপলা বিল্ডিংয়ে থাকেন। ইউসুফের বাবার নাম শহিদুল ইসলাম টিটু। ইউসুফ পাঁচ ভাইবোনের মধ্যে চতুর্থ ছিল।
ইয়াসমিন আক্তার জানান, বিকেলে মেয়ে সাবিহা, ছেলে ইউসুফ ও আরেক শিশু বাচ্চাকে নিয়ে তিনি নন্দীপাড়ায় যান। সেখান থেকে একটি মশারি কিনে ব্যাটারিচালিত রিকশায় বাসায় ফিরছিলেন। পথে খিলগাঁও নন্দীপাড়ায় যানজটের মধ্যে চলন্ত রিকশাটি হঠাৎ ব্রেক করলে সাবিহা ও তার কোলে থাকা ইউসুফ দুজনেই রাস্তায় পড়ে যায়। এতে ইউসুফ মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পায়। আর সাবিহা নাকে ও ঠোঁটে আঘাত পায়।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাকিব আল হাসান জানান, ঘটনাটি দক্ষিণ বনশ্রীতে হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশাটির চাকা গর্তে পড়ে গেলে রিকশা থেকে ছিটকে পড়ে শিশুটি। তখন একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। প্রাইভেটকারটি পালিয়ে গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তার বড় বোন সাবিহাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।