কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন ছাড়া সংগঠনের কোনো শাখার (ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, থানা, উপজেলা, জেলা ও মহানগর শাখা) কমিটি বিলুপ্ত না করার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাংগঠনিক নির্দেশনা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নির্দেশনা অনুযায়ী সম্মেলন বা কাউন্সিল ব্যতীত সংগঠনের যেকোনো পর্যায়ের কমিটি বাতিল করার ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্রের বিধিবিধান অনুসরণ করতে হবে এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন ব্যতীত সংগঠনের কোনো পর্যায়ের কমিটি বিলুপ্ত বা বাতিল করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইভাবে আওয়ামী লীগের কোনো শাখা কমিটি ওই শাখার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কোনো কমিটি বিলুপ্ত বা বাতিল করতে পারবে না। সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কোনো শাখা কমিটি বিলুপ্ত বা বাতিল করার ক্ষমতা কেবলমাত্র ওই সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সহযোগী সংগঠনসমূহ নিজ নিজ সংগঠনের গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হয়। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে সংগঠনের গঠনতন্ত্রের বিধিবিধান প্রতিপালন করার জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।