সাভারের পৌর এলাকা দক্ষিণপাড়া মহল্লায় সরস্বতী পূজা উপলক্ষে মন্দিরে নাচাকে কেন্দ্র করে একদল মদ্যপ কিশোরের হামলা ও ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন দুই যুবক। তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণপাড়া মহল্লার মাইটা মন্দিরে পূজা চলাকালে এই হামলার ঘটনা ঘটে। ঘটনায় হামলাকারী সাতজনের নাম উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত পরিচয় ১০-১৫ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতরা হলেন, সাভার মধ্যপাড়া এলাকার রাজবংশীর ছেলে সুমন রাজবংশী (২৭) ও সেন্টু রাজবংশীর ছেলে শিমুল রাজবংশী (২২)। এদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিসিউতে ভর্তি রাখা হয়েছে।
আহত সুমনের বড় ভাই আনন্দ রাজবংশী অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে মধ্যপাড়া মন্দিরে সরস্বতী পূজা উপলক্ষে নাচাকে কেন্দ্র করে সুমন ও শিমুলের সঙ্গে মাহবুব ও আলামীন নামে দুই কিশোরের বাগ্বিতণ্ডা হয়। পরে সুমন ও শিমুল মন্দির থেকে বেড়িয়ে দক্ষিণপাড়া এলাকায় গেলে দল বেঁধে ওই কিশোররা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা সুমন ও শিমুলকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি হামলাকারী কিশোর গ্যাং সদস্যদের বিচার চাই।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, লিখিত অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।