করোনাভাইরাস

হিলিতে যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে না

মহামারী করোনাভাইরাসের কারণে এবারে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় ভারত-বাংলাদেশ যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করা হচ্ছে না।

বাংলাদেশি আয়োজক প্রতিষ্ঠান হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার লিয়াকত আলী বলেন, দুই দেশের বিভিন্ন সংগঠনের যৌথ আয়োজনে গত কয়েক বছর হিলি সীমান্তের শূন্যরেখার পাশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছি। ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছিলাম।  তবে এবার মহামারী করোনাভাইরাসের কারণে সেই অনুষ্ঠান হচ্ছে না। মূলত করোনাভাইরাসের কারণে এবারে ভারত আগ্রহী নয়, আমরাও আগ্রহী হচ্ছি না, একই সঙ্গে সরকারি নির্দেশনা পাইনি। সে কারণেই এবার অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যৌথভাবে সেই অনুষ্ঠান পালন করা হবে বলে জানান তিনি।