ব্যবহারকারীদের আলাদা করতে নতুন লেবেল নিয়ে হাজির হলো টুইটার। সরকারি কর্মকর্তাদের আলাদাভাবে চিহ্নিত করবে নতুন এই লেবেল। এই চিহ্নিতকরণের তালিকায় থাকবে বিশ্বনেতাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট, সরকার অধীনস্থ কোনো সংবাদ সংস্থা, প্রতিষ্ঠানসহ একাধিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত স্পর্শকাতর অ্যাকাউন্টগুলো। তথ্য নিয়ে বিভ্রান্তি এড়াতে নতুন এই লেবেল চালু হয়েছে।
টুইটারের এই নতুন লেবেল প্রযোজ্য হবে চীন, রাশিয়া ও জি সেভেন দেশগুলো অর্থাৎ কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, আমেরিকা ও ব্রিটেনের ওপর। সঙ্গে রয়েছে আরও কয়েকটি দেশ।
টুইটার কর্র্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেসব দেশে এই নতুন লেবেল প্রযোজ্য হবে, তাদের ব্যাপারে কিছু নিয়মনীতি থাকবে। এই নতুন পদক্ষেপের লক্ষ্য হলো স্টেট লিংক অপারেশন সিস্টেম। অর্থাৎ কোনো প্রদেশ, রাজ্য বা দেশের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, প্রধান ও প্রতিষ্ঠানগুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে। কারণ যেকোনো দেশের তথ্যপ্রবাহের অন্যতম স্তম্ভ এরাই। এ ক্ষেত্রে সাধারণ মানুষজনও অ্যাকাউন্টগুলো সম্পর্কে সচেতন হবে। তারা বুঝতে পারবেন কোথায় কাকে নিয়ে কী কথা বলা হচ্ছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে থাকা লোকদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে ধারণা করছে টুইটার কর্র্তৃপক্ষ।
টুইটারের এই লেবেল নিয়ে সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে, উল্লিখিত দেশগুলো ছাড়া কিউবা, ইকুয়েডর, ইজিপ্ট, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব, সার্বিয়া, স্পেন, থাইল্যান্ড, তুরস্ক, আরব আমিরাতের সরকারি কর্মকর্তা ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।