কুমিল্লার মেঘনা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নাজমা আক্তার (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওয়ারখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাজমা একই গ্রামের আবুল কালামের স্ত্রী। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার (কমিউনিটি ক্লিনিক) মো. সাইফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বামী আবদুস সালাম (৬০) ও আলাউদ্দিনের ছেলে ফারুককে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
জানা যায়, ভাওরখোলা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আব্বাসীর সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের লিটন আব্বাসীর দীর্ঘদিন ধরে দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
ফারুক আব্বাসী দেশ রূপান্তরকে বলেন, গতকাল সন্ধ্যায় অপরিচিত কিছু লোক হামলা করে আমার ওপর। আমি চিকিৎসার জন্য ডাক্তারের চেম্বারে চলে এসেছি, এরপর এলাকার লোকজন মাইকিং করে কী করেছে আমি আর কিছুই জানি না। লিটন আব্বাসীকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।