ভ্যাকসিন নিলেই সঙ্গে সঙ্গে করোনামুক্ত হবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ভ্যাকসিন নিলেই সঙ্গে সঙ্গে করোনামুক্ত হয়ে গেলাম বা প্রতিরোধ গড়ে ওঠে না। করোনামুক্ত হতে একটু সময় লাগবে। প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার পর ১০০ ভাগ সুরক্ষিত হবেন না। ৮০ থেকে ৯৫ ভাগ সুরক্ষিত হবেন। কাজেই আস্তে আস্তে আমরা স্বাভাবিক জীবনে চলে যেতে পারব।’ গতকাল শনিবার বিকেলে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আল্লাহর রহমতে এখন করোনা অনেকটা নিয়ন্ত্রণ আছে এবং আমাদের মনের সাহসও কিছুটা বেড়ে গেছে। তবে অতিরিক্ত বাড়াটাও ঠিক হবে না। কারণ করোনা এখনো দেশ থেকে চলে যায়নি। তাই সবাইকে করোনার বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, ভ্যাকসিন আমরা পেয়েছি, এখন সম্মুখযোদ্ধা ও ৪০-ঊর্ধ্ব বয়সী মানুষকে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে সব মানুষকে দেওয়া হবে। শেখ হাসিনার নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণ হয়েছে বাংলাদেশে, সেটা বিশ^ নেতা ও বিভিন্ন সংস্থা প্রশংসা করছে। ২০০টি দেশের মধ্যে বাংলাদেশ ৬ নম্বরে পাবলিকদের ভ্যাকসিন প্রদান করছে।

জাহিদ মালেক আরও বলেন, ‘আলজাজিরা টিভিতে প্রচারিত প্রতিবেদনের পেছনেও একটি মহলের হাত রয়েছে। যারা দেশে বোমা হামলা চালিয়েছিল, আমাদের দেশের শান্তি ও সমৃদ্ধি এবং উন্নয়নের শত্রুরাই এর পেছনে।’

বর্ধিত সভায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, সাটুরিয়া উপজেলার ৯ জন চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ছবি ক্যাপশন : মানিকগঞ্জ শ্রভ্র সেন্টারে সাটুরিয়া আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক