ইন্টারনেটে বাংলা ভাষাকে আরও সহজবোধ্য করতে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে বিভিন্ন টুলস ও সফটওয়্যার তৈরি করছে আইসিটি বিভাগ। এর ফলে বাংলা ই-বুক যেমন সহজ হয়েছে, তেমনি গত ১১ মাসে বাংলায় এক কোটির বেশি বিভিন্ন সেবা অনলাইনে দেওয়া সম্ভব হয়েছে। একইভাবে দেশের ৮ হাজার সরকারি দপ্তরের ৯০ হাজার কর্মকর্তা-কর্মচারী বাংলায় ই-নথি ব্যবহার করতে সক্ষম হয়েছেন। দাপ্তরিক ও প্রশাসনিক কাজ বাংলায় সম্পাদিত হয়েছে। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আইসিটি বিভাগে ১ কোটি ৩০ লাখ ফাইলের কাজ সম্পাদিত হয়েছে বাংলায়। রবিবার এক ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।