কৃষিতে ৩৭২ কোটি টাকা প্রণোদনা দিয়েছে সরকার

প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি অর্থবছর প্রায় ৫৭ লাখ কৃষকের মধ্যে ৩৭২ কোটি টাকার প্রণোদনা বিতরণ করেছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, মোট ২৩ লাখ ৬৪ হাজার বিঘা জমি এ কর্মসূচির আওতায় এসেছে। করোনাভাইরাস মোকাবিলা ও বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং উৎপাদন বাড়াতে এ প্রণোদনা দেওয়া হয়েছে। এর আওতায় বীজ, চারা, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ও আনুষঙ্গিক সহায়তা রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাতের বরাদ্দ থেকে এ প্রণোদনা  দেওয়া হয়। ৩৭২ কোটি টাকার মধ্যে করোনাভাইরাস ও বন্যার ক্ষয়ক্ষতি  পোষাতে দেওয়া হয়েছে ১১২ কোটি টাকার প্রণোদনা।