সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

‘বার্তা বাজার’র নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার বিকেল ৪টায় রংপুর প্রেসক্লাব চত্বরে সাংবাদিক সমাজ ও বার্তা বাজার পরিবারের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বার্তা বাজারের রংপুর প্রতিনিধি রকি আহমেদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কোলকাতা টিভির রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম, দেশ রূপান্তরের রংপুর প্রতিনিধি মামুন রশীদ, রংপুর প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম, যুগের আলোর স্টাফ ফটো সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, সূর্যদয়ের রংপুর প্রতিনিধি রেখা মনি, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আব্দুল করিম সরকার, বাংলানিউজের রংপুর প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল, রংপুর সংবাদের মহানগর প্রতিনিধি শ্যামলী রায়, ডিআরবি অনলাইনের রিপোর্টার ফেরদৌস জয়সহ প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সারা‌দে‌শে সংবাদকর্মীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।

শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হন মুজাক্কির। উন্নত চিকিৎসা দিতে ঢাকায় নেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে।