অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের নিউজ কনটেন্ট আবারও দেখার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ফেইসবুক। সংবাদ প্রকাশকদের সঙ্গে আয় ভাগাভাগির এক আইন নিয়ে বিরোধের জেরে গত বৃহস্পতিবার থেকে এই সুযোগ বঞ্চিত রয়েছেন দেশটির ফেইসবুক ব্যবহারকারীরা।
গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জোস ফ্রাইডেনবার্গ জানিয়েছেন, ওই আইনে সংশোধনী আনা হবে। তার আগে ফেইসবুক ব্যবহারকারীদের নিউজ দেখার সুযোগ করে দেবে বলে জানিয়েছে বিবিসি।
অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রকরা চাইছেন সংবাদমাধ্যমের খবর প্রকাশ করলে ফেইসবুক ও গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থ আদায় করা হবে। অস্ট্রেলিয়া কর্র্তৃপক্ষ এমন আইন প্রণয়নের পর বৃহস্পতিবার দেশটিতে নিউজ শেয়ারিং সেবা বন্ধ করে দেয় ফেইসবুক।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে সংবাদ প্রতিষ্ঠান ও টেক জায়ান্টদের মধ্যে ন্যায্য দরকষাকষি নিশ্চিত করার লক্ষ্যেই আইনটি প্রণয়ন করা হয়। অস্ট্রেলিয়ার আইনটি বিশ্বজুড়ে একটি টেস্ট কেস বলে বিবেচনা করা হচ্ছে। তবে এর জোরালো বিরোধিতা করছে ফেইসবুক ও গুগল।
মঙ্গলবার ফেইসবুক কর্র্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় আশ্বস্ত হতে পেরেছে তারা। ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট ক্যাম্পবেল ব্রাউন জানিয়েছেন, কোন নিউজ প্রকাশের মূল্য পরিশোধ করা হবে তা বেছে নেওয়ার সুযোগ পাবে তারা।