টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবন ও জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের পাশের একটি পাহাড়ে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহতদের মধ্যে একজন রোহিঙ্গা সন্ত্রাসী জকির বাহিনীর প্রধান জকির (৩৫)। অন্য দুজন তার সহযোগী এবং তারা সবাই ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।

কক্সবাজার র‌্যাব-১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ে জকির বাহিনীর অবস্থান জানতে পেরে র‌্যাবের একটি দল অভিযানে যায়। এ সময় রোহিঙ্গা ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে দু’পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে ডাকাতরা পিছু হটে গভীর পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে সেখানে জকিরসহ তিনজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

এ সময় ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টি বন্দুক, ৫টি ওয়ান শুটার, ২৫ রাউন্ড বন্দুক ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য হাতে গুলিবিদ্ধ হন। জকির বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, মাদকসহ ২০টির বেশি মামলা রয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

এদিকে টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। এদের মধ্যে জকির বাহিনীর প্রধান জকির ও তার সহযোগী মনিরের (৩০) পরিচয় জানা গেছে। অন্যজনের পরিচয় জানার চেষ্টা এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।