সাভারে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ইটভাটা নির্মাণ করে কার্যক্রম পরিচালনা করায় ৭টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত দশটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান।
এর আগে দিনব্যাপী আশুলিয়ার গোহালবাড়ী ও রাঙ্গামাটি এলাকায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান বলেন, পরিবেশ অধিদপ্তরের শর্ত ভেঙে কিছু অসাধু ব্যবসায়ী ইটভাটায় ইট পুড়িয়ে পরিবেশ দূষণ করছিল। প্রয়োজনীয় কাজপত্র দেখাতে না পারা ও পরিবেশ অধিদপ্তরের শর্ত ভাঙায় মেসার্স নিট ব্রিকস ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে ৫ লাখ, মেসার্স আর ই এস ব্রিকসকে ৫ লাখ, মেসার্স শওকত ব্রিকসকে ৬ লাখ টাকা, ক্লাস ব্রিকস এন্ড সিরামিকসকে ১ লাখ, মেসার্স পল্লী ব্রিকসকে ৬ লাখ, মেসার্স স্টার ব্রিকসকে ৬ লাখ, মেসার্স মোল্লা ব্রিকসকে ৬ লাখ ও মেসার্স ফাতেমা ট্রেডার্সকে (সিসা কারখানা) ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে ভাটাগুলো গুঁড়িয়ে দিয়ে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।