উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের অংশীদারিত্ব জরুরি

দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি খাতের অংশীদারিত্ব জোরদার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতা এখন আরও গুরুত্বপূর্ণ, কভিড-১৯-এর চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠা ও নতুন সুযোগগুলো অর্জন করতে এই অংশীদারিত্বের বিকল্প নেই।

গতকাল বুধবার বিডা ভবনের কনফারেন্স কক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষ (বিডা) ও বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের (বিবিএফ) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত এক যুগের উন্নয়নে বিশ্বে আজ বাংলাদেশ বিস্ময়। সামনে আমাদের কিছু লক্ষ্য অর্জন করার আছে। তা অর্জনে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা।

বিবিএফের চেয়ারম্যান মাসুদ এ খান বলেন, বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বহির্বিশ্বে আরও ব্যাপক পরিসরে প্রচার করতে হবে, যা বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বিবিএফ বাংলাদেশের বিনিয়োগের বিভিন্ন খাত যেমন কৃষি, আইসিটি, ইলেকট্রনিকস, হালকা প্রকৌশল, এনার্জি, বিদ্যুৎ এবং স্বাস্থ্যসেবাসহ অগ্রাধিকার খাতগুলো তুলে ধরবে, যা দেশে অধিক হারে বিনিয়োগে সহায়ক হবে।

বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের সঙ্গে এই অংশীদারিত্বের প্রথম উদ্যোগ হিসেবে বৈদেশিক বিনিয়োগ-বাণিজ্য সম্পর্ককে আরও বেশি জোরদার করতে এবং বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে আগামী এপ্রিল মাসে বাংলাদেশ-ইতালি বিনিয়োগ শীর্ষক ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী আগামীতে বাংলাদেশে আরও বেশি বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করতে দুই সংস্থা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত রাখবে। এ সমঝোতা চুক্তির মাধ্যমে বিডা ও বিবিএফ একসঙ্গে বিভিন্ন দেশে রোড শো, সেমিনার, কনফারেন্স ইত্যাদি আয়োজন করবে।