১৫ ফেব্রুয়ারি বিয়ে করেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা ও ব্যবসায়ী বৈভব রেখি। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। সাবেক স্বামীর বিয়ে নিয়ে হঠাৎ মন্তব্য করে বসেছেন বৈভবের প্রথম স্ত্রী সুনয়না। সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সুনয়না। তিনি বলেন, ‘আমি সুনয়না রেখি। নামটি নিশ্চয়ই শুনে থাকবেন। কারণ, এ মুহূর্তে খবরে আমার নাম আসছে। হ্যাঁ, আমার সাবেক স্বামীর সঙ্গে দিয়া মির্জার বিয়ে হয়েছে। অনেকেই আমাকে মেসেজে জিজ্ঞেস করছেন, আমি ঠিক আছি কি না এবং আমাদের সন্তান সামাইরা ঠিক আছে কি না? যারা আমার কথা ভেবেছেন, প্রথমে তাদের ধন্যবাদ। মুম্বাইয়ে আমাদের আর কেউ নেই। অন্তত তার পরিবারের অনেকে আছে। জীবনের প্রসার সব সময়ের জন্য সুন্দর।’ তিনি আরও বলেছেন, ‘একটা শিশুর জন্য জরুরি হচ্ছে তার চারপাশের সবাইকে ভালোবাসতে দেখা। যদি সামাইরা তার বাবা-মায়ের মধ্যে সেই ভালোবাসা না দেখে, তাহলে এখন অন্তত সে ভালোবাসা দেখতে পাবে। যেটা সামাইরাকে তার ভবিষ্যৎ সুন্দর করে তুলতে সাহায্য করবে। আমি সামাইরার বাবা এবং দিয়ার জন্য ভীষণ আনন্দিত।’ দিয়ার ও তার প্রথম স্বামী সহিল সঙ্ঘের বিচ্ছেদ হয় ২০১৯ সালে।