নাসির-তামিমার সংবাদ সম্মেলন

‘আইন মোতাবেক বিয়ে করেছি’

ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ বিতর্ক হচ্ছে। অভিযোগ উঠেছে, নাসিরের স্ত্রী তামিমা তার সাবেক স্বামী রাকিবকে ডিভোর্স না দিয়েই নতুন করে বিয়ে করেছেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাজধানীর বনানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন ও শরিয়ত মোতাবেক তামিমাকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন নাসির। তিনি বলেন, ‘এত দিন সে শুধু তামিমা ছিল, এখন ও হচ্ছে তামিমা হোসেন।’

সংবাদ সম্মেলনে নাসির আরও বলেন, ‘আজকে তামিমার সঙ্গে এটা হয়েছে। কাল অন্য কারও সঙ্গেও হতে পারে। আমি চাইব না আমার বউয়ের দিকে কেউ আঙুল তুলে কথা বলুক। আমার বউকে নানা ধরনের কথাবার্তা বলুক। যারা যেখান থেকেই বলুক না কেন, আমি আইনগত ব্যবস্থা নেব।’

এ সময় তামিমা বলেন, ‘আমার যত দূর মনে আছে, নয় মাস আগে নাসির আমার একটা ছবি ইনস্টাগ্রাম পেজে দেয়। এটা যথারীতি আলোচনা তুলেছিল। যখন ওকে জিজ্ঞেস করা হয়েছিল, ও (নাসির) কিন্তু পরিষ্কার ভাষায় বলেছিল, এই সেই মেয়ে যাকে আমি বিয়ে করিনি। বিয়ে করলে ঘটা করেই করব, সবাইকে জানিয়ে। এরপর তিন মাস আগে হয়তো সে আরেকটি গণমাধ্যমেও জানিয়েছে, ওই ছবির মেয়েটাকেই আমি বিয়ে করতে যাচ্ছি। আমরা খুব ধুমধাম করে কাবিন করেছি। কাবিনের পর গায়েহলুদও করেছি।’

পেশায় কেবিন-ক্রু এই নারী আরও বলেন, ‘যেহেতু আমি একটি জায়গায় চাকরি করি, সে ক্ষেত্রে আমি মিডিয়ার সামনে আসতে চাচ্ছিলাম না। সে (নাসির) আমাকে হয়তো সেভাবে উপস্থাপন করতে চায়নি। কারণ বিয়ে করলে তো এমনিতেই সবাই দেখবে। তাহলে উনি (রাকিব) হঠাৎ করে কীভাবে জানতে পারেন? উনি যেটা করছেন এই প্ল্যাটফর্মকে (সামাজিক যোগাযোগমাধ্যম) পাওয়ার জন্য।’

তামিমা বলেন, ‘আমরা দোষী নই। আমার কোথাও ভয় কাজ করেনি। আমি কোনো ভুল করিনি। উনি (রাকিব) যে বলছেন আমার বাসায় আইনজীবী, পুলিশ পাঠানো হয়েছে, এগুলো পুরোপুরি মিথ্যা কথা। আমার বাসায় আইনজীবী আসেনি, কেউ আসেনি।’

নাসির-তামিমার বিরুদ্ধে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ : আইনবহির্ভূত বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৩০ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে মামলাটি করেছেন তামিমার আগের স্বামী রাকিব হাসান। রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান বলেন, আসামি তামিমা সুলতানার স্বামী হলেন রাকিব হাসান। বিয়ের তথ্য গোপন করে তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন, যা দণ্ডনীয় অপরাধ। তাই দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৪, ৪৯৭ ও ৪৯৮ ও ৫০০ ধারায় মামলা হয়েছে।

সম্প্রতি ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ে হয়। এরপর তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন এ অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান। জিডিতে তামিমার সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি। জিডিতে রাকিব দাবি করেছেন, তামিমার সঙ্গে তার ১১ বছরের সংসার। দুজনের ৮ বছরের একটি মেয়েও আছে। কিন্তু সব ফেলে নাসিরকে বিয়ে করায় থানায় অভিযোগ করেছেন তিনি।

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নাসিরের স্ত্রী পেশায় কেবিন-ক্রু, কাজ করেন বিদেশি একটি এয়ারলাইনসে। বিয়ের অনুষ্ঠানে পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। নাসিরের বিয়ের অনুষ্ঠানে অনেক ক্রিকেটারও উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নাসিরের বিয়ের ছবি ছড়িয়ে পড়ে।