মুখরোচক সব খাবার তৈরিতে মুঘল শাসকদের রসুই ঘরের জুড়ি মেলা ভার। খাবারের বৈচিত্র্য আর আভিজাত্য নিয়ে তাদের সুনাম উপমহাদেশের সীমানা পেরিয়ে শত বছর আগেই পৌঁছেছে বিশ্বের নানা প্রান্তে। সুনামের সঙ্গে সঙ্গে ছড়িয়েছে রন্ধন প্রণালীও। বিশ্বের অনেক অঞ্চলেই কয়েকশ বছর আগের সেইসব খাবার পেয়েছে তুমুল জনপ্রিয়তা। জনপ্রিয় এইসব খাবারের তালিকার আবার সবার ওপরে আছে বিরিয়ানি। অঞ্চলভেদে এই পদটির রন্ধন প্রণালীতে যেমন বৈচিত্র্য আছে তেমনি বৈচিত্র্য আছে দামেও। তাই বলে এক প্লেট বিরিয়ানির দাম ২০ হাজার টাকার বেশি!
অবাক করা হলেও মরুর দেশ আমিরাতের শহর দুবাইয়ে এমন দামেই বিক্রি হচ্ছে প্রতি প্লেট বিরিয়ানি। দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্স সেন্টারের ‘বম্বে বরো’ নামের একটি রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে এই দামের বিরিয়ানি। সম্প্রতি রেস্তোরাঁটি নিজেদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে ওই বিরিয়ানির ছবি। ‘বম্বে বরো’র তৈরি ওই বিরিয়ানির নাম দেওয়া হয়েছে রয়্যাল গোল্ড বিরিয়ানি। তাদের দাবি, এটিই দুবাইয়ের সব থেকে দামি বিরিয়ানি।
২৩ ক্যারাট সোনার তবক দিয়ে মোড়া হয়েছে রয়্যাল গোল্ড বিরিয়ানিকে। ‘বম্বে বরো’র পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বড় থালার মধ্যে রাখা হয়েছে সেই বিরিয়ানি। সব মিলিয়ে ওই পদের ওজন প্রায় ৩ কিলোগ্রাম। সে দেশের মুদ্রায় ওই বিরিয়ানির দাম ১ হাজার দিরহাম। যা ভারতীয় মুদ্রায় ২০ হাজার টাকার বেশি।
তবে খেতে কেমন সেটা ছবি দেখে বোঝার উপায় নেই। স্বাদ নিতে হলে যেতে হবে সেখানে। আগে থেকেই দিয়ে রাখতে হবে অর্ডার।