করোনা প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অবসর সময়ে শ্রমিকের কাজ করতে যায় দুই স্কুলছাত্র। কিন্তু পথে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরল ওই দুজন। গতকাল বুধবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় আরও অন্তত পাঁচজন। নিহতরা হলো একই ইউনিয়নের দেউজি গ্রামের নবম শ্রেণির ছাত্র মেহেদী হাসান (১৫) ও একই গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র নাঈম হোসেন (১৪)।
বহুলী ইউনিয়নের সদস্য রেজাউল ইসলাম জানান, স্কুল ছুটি থাকার কারণে কয়েকজন স্কুলছাত্র ইটভাঙা শ্রমিকের কাজ করত। ঘটনার সময় ইটভাঙা মেশিনের গাড়ি করে অন্য শ্রমিকদের সঙ্গে কর্মস্থলে যাচ্ছিল তারা। পথে ডুমুর চৌরাস্তা এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই গাড়িতে থাকা সাত শ্রমিক আহত হন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মেহেদী এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাঈমের মৃত্যু হয়। সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া গত মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের ভৈরবে কয়লাভর্তি ট্রাকের ধাক্কায় মাইনুল ইসলাম তুষার (৪৫) নামে মোটরসাইকেলচালক এক ব্যক্তি নিহত হয়েছেন। ফেনীর সদর উপজেলায় কাভার্ড ভ্যানচাপায় মো. ফুয়াদ (১৭) নামে বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে।
কিশোরগঞ্জের ঘটনায় স্থানীয়রা জানায়, নিহত তুষার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মোনাউতা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও আরএফএল কোম্পানির ভৈরবের এরিয়া ম্যানেজার ছিলেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথে ভৈরবপুরপাড়া সারা টাওয়ারের সামনে পৌঁছলে কয়লাভর্তি একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তুষার। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ফেনীর ঘটনায় স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো তেমুহনী বাজারে হার্ডওয়্যার দোকান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল ফুয়াদ। এ সময় নোয়াখালীগামী একটি কাভার্ড ভ্যান সাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হয় ফুয়াদ। পরে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।