লালপুরে এমপি শহিদুল ইসলামসহ ছয়জনের নামে মামলা

নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আহ্বান ও কমিটি গঠনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বকুলসহ ছয়জনের নামে মামলা হয়েছে।

লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বুধবার নাটোরের লালুপর আমলি আদালতে এই মামলা করেন।

আদালত এ বিষয়ে অভিযুক্ত সংসদ সদস্যসহ সকলকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু এবং সাধারণ সম্পাদক ইসাহাক আলী বাদী হয়ে কমিটি গঠনের ওপর চিরস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে মামলা করেন।

মামলায় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলসহ তাঁর পাঁচ অনুসারীকে অভিযুক্ত করা হয়েছে। তারা এখতিয়ার বহির্ভূতভাবে আওয়ামী লীগের গঠনতন্ত্র লঙ্ঘন করে তৃণমূল (ওয়ার্ড কমিটি) পর্যায়ে ত্রিবার্ষিক সম্মেলন আহ্বান করে দলের নতুন নতুন কমিটি গঠন করছেন।

এ ক্ষেত্রে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের অনুমতি নেওয়া হচ্ছে না। এতে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এ মামলার ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুলের মোবাইল ফোনে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে এ বিষয়ে সংসদ সদস্যের সমর্থক ও এ মামলার অন্যতম অভিযুক্ত লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাপাদক আইনজীবী আলাউদ্দিন আলাল বলেন, তারা মামলার বিষয়ে কিছুই জানেন না।

আদালতের নোটিশ পেলে তারা জবাব দেবেন।

তিনি আরও বলেন, মামলার বাদীপক্ষ সম্মেলন আহ্বান না করে অন্যায়ভাবে পুরোনো কমিটি নবায়ন করছে। বিষয়টি তারা আদালতের কাছে তুলে ধরবেন।

মামলার বাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন ঝুলফু বলেন, সংসদ সদস্য বকুল এখতিয়ার বর্হিভুত ভাবে ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করছে। অথচ এই কমিটি গঠন করতে পারার এখতিয়ার উপজেলা আওয়ামীলীগের। আমরা এরআগে দলের হাই কমান্ডের কাছে একাধিকবার অভিযোগ করেও প্রতিকার পায়নি। যার কারনে আদালতের আশ্রয় নিয়েছি।