শিল্প খাতের আধুনিকায়ন

কেন্দ্রীয় ব্যাংকের হাজার কোটি টাকার তহবিল

রপ্তানিমুখী শিল্প খাতের আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘টেকনোলজি ডেভেলপমেন্ট, আপগ্রেডেশন ফান্ড’ নামে এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক বাজারে রপ্তানিমুখী শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য ‘রপ্তানি নীতি ২০১৮-২১’-এর আলোকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি স্বাক্ষর হয়েছে।

গতকাল উক্ত তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা প্রাপ্তির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ৯টি বাণিজ্যিক ব্যাংক ও ৫টি আর্থিক প্রতিষ্ঠানের ‘অংশগ্রহণ চুক্তি’ স্বাক্ষর হয়েছে।

সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের আয়োজনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল। অনুষ্ঠানে নির্বাহী পরিচালক মু. সহিদুল ইসলাম, সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীগণ এবং সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খন্দকার  মোরশেদ মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক এবং ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, দি প্রিমিয়ার ব্যাংক, এনআরবি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, ইউনাইটেড ফাইন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহীগণ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।