দেশের চিনিকলগুলো উৎপাদিত উপজাত থেকে বেভারেজ পণ্য উৎপাদন করতে চায় ডেনমার্ক ও শ্রীলঙ্কার দুটি কোম্পানি। শিগগিরই ওই দুই কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমঝোতা স্মারক সই হবে।
গতকাল বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় অগ্রগতি পর্যালোচনা সভা হয়। দেশের চিনিকলগুলোর কার্যক্রম বাড়াতে চিনিকলের সহায়ক শিল্প হিসেবে বেভারেজ পণ্য উৎপাদনে ‘বাংলাদেশ বেভারেজ প্রজেক্ট’-এর অগ্রগতি নিয়ে সভায় আলোচনা করা হয়।
এতে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সভাটি পরিচালনা করেন শিল্প সচিব কেএম আলী আজম।
সভায় শ্রীলঙ্কার লায়ন ব্রিওয়েরি (সিলন) পিএলসি কোম্পানির সিইও বোব কুনডানমাল এবং ডেনমার্কের কার্লসবার্গ কোম্পানির পরিচালক পিটার স্টেনবার্গ সভায় ভার্চুয়ালি অংশ নেন। সভায় জানানো হয়, বাংলাদেশের চিনিকলগুলোয় উৎপাদিত পণ্যে বৈচিত্র্য আনার ক্ষেত্রে চিনিকলের সহায়ক শিল্প হিসেবে বেভারেজ পণ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন হতে যাচ্ছে। চিনিকলগুলোকে সারা বছর চলমান রাখতে এবং অধিক কর্মসংস্থান সৃষ্টিতে এ প্রকল্প সহায়তা করবে। চিনিকলগুলোর উৎপাদিত উপজাত থেকে বেভারেজ পণ্য উৎপাদিত হবে। শিগগিরই এ দুটি বিদেশি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক সই হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
এতে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাষ্ট্রায়ত্ত করপোরেশন), বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।